ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রেমিকের আত্মহত্যার সংবাদ শুনে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বারপাইকা ও হর্ণিদুর্গাপুর গ্রামে গত ২১ জুন রাতে ও ২২ জুন দুপুরে ঘটনা দু’টি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান আত্মহননকারী যুবক-যুবতী প্রেমিক-প্রেমিকা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মিয়াজী বাড়ির কাদর আলীর ছেলে শাকিল (২২) রোববার রাতে পার্শ্ববর্তী বাড়ির একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্ত সম্পন্ন করার পর সোমবার বিকালে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে শাকিলের ভাই এমরান হোসেন বাদী হয়ে সোমবার সকালে একটি অপমৃত্যু মামলা করেছে।
অপরদিকে সোমবার দুপুরে হর্ণিদুর্গাপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মনু মিয়া ভুঁইয়ার মেয়ে আছিয়া আক্তার মুক্তা (১৭) সোমবার দুপুরে তাদের বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারেও অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে পৃথক দু’টি আত্মহত্যার কারণ সম্পর্কে লাশ উদ্ধারকারী ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, যুবক-যুবতীদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা উভয় পরিবারের কেউ স্পষ্ট করে কিছু বলছে না। এ ব্যাপারে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে আত্মহননকারী উভয়ের মধ্যে প্রেমের গভীর সম্পর্ক থাকার কারণে আত্মহত্যা করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, প্রথম ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে আমাদের জানা নেই।
২২ জুন, ২০২০।

