পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং ও মামলার প্রতিবাদে
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের রূপসায় অব্যাহত লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ জনতার হাতে পল্লীবিদ্যুৎ কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসী, ব্যবসায়ী, ব্যাংকার এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন রূপসা বাজারে পল্লীবিদ্যুৎ কর্মীদের সাথে অনাকাক্সিক্ষত ঘটনাটি রূপসা জমিদার পরিবারের বংশধর ও মোতওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর উপস্থিতিতে সমাধান হয়। এমনকি রূপসা এলাকার বিদ্যুতের সাব-স্টেশনটির জন্য জমি প্রাপ্তি নিশ্চিত করার আশ^াস দেন মেহেদী হাসান চৌধুরী। কিন্তু পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ মিমাংসা হওয়া ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে রূপসা জমিদার পরিবারের বংশধর ও মোতওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান এবং সাংবাদিককে আসামি করে থানায় মামলা দায়ের করে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারপূর্বক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চোরম্যান বিল্লাল হোসেন, ব্যবসায়ী আমিন পাটওয়ারী. সাংবাদিক জাহিদ হোসেন, ইউপি সদস্য জহিরুল ইসলাম, হাসান আলী ও ব্যবসায়ী রিয়াদ হোসেন।
২৫ জুন, ২০২২।
