ফরিদগঞ্জে মাদকসহ গ্রাম পুলিশ আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইয়াবাসহ হাসান নামে গ্রাম পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার আইটপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। হাসান সুবিদপুর ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই নাছির হোসেনের নেতৃত্বে গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আইটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রাম পুলিশ হাসানকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। রোববার (২০ মার্চ) মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রাম পুলিশ হাসান দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রিসহ নানা অপরাধের সাথে সম্পৃক্ত বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের বেশ কয়েকজন জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখছি। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

২১ মার্চ, ২০২২।