ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার যাত্রা শুরু আজ

আগামি প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করাই মূল লক্ষ্য……মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী

নবী নোমান
আজ ২৫ নভেম্বর (শুক্রবার) ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। যথাযথ শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলাবাসী। দিনটির স্মৃতি চির অম্লান করে রাখার জন্য উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ অন্যান্য বছরের মতো ২২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করছে। সেই সুবাদে আজ শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যাত্রা শুরু হচ্ছে বিজয় মেলার।
মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, মহান স্বাধীনতার চেতনা, স্মৃতি ও স্মারক বহনকারী মুক্তিযুদ্ধের বিজয় মেলা কোনো ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থে আয়োজন নয়। এটি স্বাধীনতা যুদ্ধের নির্মম চিত্র ও তার চেতনা আগামি প্রজন্মকে জানান দিতে দিক নির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে। কারণ, স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা অপকর্মকান্ডে আমাদের প্রজন্মের একটি বিশাল অংশ দিকহারা হয়ে যাচ্ছে। ফলে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ইতিহাস মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে আজকে যুব ও শিশু কিশোররা দেশ বিরোধীদের ষড়ন্ত্রের শিকার হয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের ভিতর দেশপ্রেমের মনোভাব সৃষ্টির লক্ষ্য রেখে আজ এই বিজয় মেলার আয়োজন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে আগামি প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করা।
তিনি আরো বলেন, এবারের মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ।
বিজয় মেলায় প্রতিদিন থাকছে- মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, দেশাত্মবোধক গান পরিবেশন, নাটক-নাটিকা এবং শিশুদের মেধা বিকাশের জন্য রয়েছে নানা বিনোদন।

২৫ নভেম্বর, ২০২২।