স্টাফ রিপোর্টার
পেছনে রাখা বৈদ্যুতিক তার চাকার সাথে পেচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এমরান হোসেন (২৮) নামের সাব-কন্ট্রাক্টরের (সহকারী ঠিকাদার) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ওয়াসিমসহ অন্যরা।
নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া গ্রামের বেপারী বাড়ির আবুল হোসেন বেপারীর ছেলে। ২ বছর আগে সে বিয়ে করে। বর্তমানে তার ১ ছেলে রয়েছে।
নিহতের ভাই বিল্লাল হোসেন জানায়, এমরান বিভিন্ন ভবনের সাব-কন্ট্রাক্টর (সহকারী ঠিকাদার) হিসেবে কাজ করতো। হাজীগঞ্জ উপজেলায় তার কাজ চলছিল। সে ভবনের কাজের জন্য বৈদ্যুতিক তার নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে যাচ্ছিলো। যাওয়ার সময় পূর্ব ধানুয়া বৈদ্যুতিক তার পেচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে এসে এমরানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ওয়াসিম জানায়, হাসপাতাল থেকে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর হোসেন বান্না জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিস্কের কিছু অংশ বের হয়ে যায়। এছাড়া তার অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে।
২৯ ডিসেম্বর, ২০২১।
