ফরিদগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত ২৫

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস মার্কার সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিলে মুখোমুখী সংঘাতে উভয় গ্রুপের প্রায় ২৫ জন আহত হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’দিক থেকে দু’গ্রুপের সমর্থকরা গৃদকালিন্দিয়া বাজারে কলেজের সামনে এলে উভয় দলের মধ্যে মারামারি লেগে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। তাছাড়া ২০ থেকে ২২টি মোটর সাইকেল ভাঙচুর করে উভয় পক্ষ।
ঘটনার বিষয়ে নৌকার প্রার্থীর মো. শরিফ হোসেন খান জানান, আমার সমর্থকরা সাহেগবগঞ্জ সড়ক হতে গৃদকালিন্দিয়া বাজারে মিছিল নিয়ে আশামাত্র আমার শান্তিপূর্ণ মিছিলে আনারসের সমর্থকরা প্রার্থী আ. কাদের খোকন ও তার ভাই জিএস তছলিমের নেতৃত্বে হামলা চালিয়ে আমার ১০/১২ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহতদের চাঁদপুর ও রায়পুরে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আ. কাদের খোকন জানান, আমার শান্তিপূর্ণ মোটর সাইকেল শোভাযাত্রায় নৌকা প্রতীকের প্রার্থী মো. শরিফ হোসেনের সমর্থকরা হামলা চালিয়ে ১০/১৫ জন কর্মীকে আহত করাসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ করেননি।

২৯ ডিসেম্বর, ২০২১।