ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ।
দিবসের কর্মসূচির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মোনাজাত, উন্নতমানের খাবার পরিবেশন, জনপ্রতিনিধিদের ও প্রশাসনের ক্রিকেট খেলা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবারদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরন্নবী নোমানের পরিচালনায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার ওসি মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি মো. কারুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৮ ডিসেম্বর, ২০২২।
