আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে গত শুক্রবার (৫ মার্চ) সকালে ফরিদগঞ্জ বাজার লিংক রোডে ২১ বছর বয়সী যুবতীকে ধর্ষণ চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় বখাটে শিহাব (২০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিনে ফরিদগঞ্জ বাজারের লিংক রোডে ভাড়া বাসার ছাদ থেকে কাপড় শুকিয়ে আনতে গেলে এই ফাকে বখাটে শিহাব যুবতীর ঘরে ঢুকে পড়ে এবং যুবতী তার রুমে প্রবেশ করলে বখাটে শিহাব তাকে জাপ্টে ধরে ধর্ষণ চেষ্টা করে। এসময় যুবতীর ডাক-চিৎকারে সে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন আটক করে। বখাটে শিহাব প্রায়ই ঐ যুবতীকে উত্যক্ত করতো বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
যুবতীটি পৌর এলাকার ফরিদগঞ্জ বাজার লিংক রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে বসবাসরত উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের দত্ত শোল্লা এলাকার আহসান উল্লার ছেলে আসাদ উল্লা শিহাব (২০) ব্যাচেলর বাসায় থাকতো।
এ বিষয়ে অভিযোগকারী যুবতীর সঙ্গে এ প্রতিনিধির কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি আপোষ করে ফেলেছি। আমি চাই না এই বিষয়ে আর কোন বাড়া-বাড়ি হোক। অভিযুক্ত শিহাব আমাকে ধর্ষণ করতে আসেনি, সে মূলত আমার ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরি করতে এসেছে। থানায় অভিযোগের বিষয়ে যুবতীর কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত এজাহারে বর্ণনার বিষয়ে আমি কিছুই জানি না, আমার বাবাই সব জানেন।
আপোষের বিষয়ে যুবতীর বাবা ইমাম হোসেন পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, উল্লেখিত বিষয়ে আমরা কোন আপোষ করিনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিহাব নামে এক যুবককে আটক করেছি এবং তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার নিয়মিত মামলা হয়েছে।
০৭ মার্চ, ২০২১।
