ফরিদগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার আনিকা (১৬) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পুর্ব সাহেবগঞ্জ গ্রামের ভূইয়া বাড়ি থেকে এই উদ্ধারের ঘটনা ঘটে। এর আগে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি দেখে থানা পুলিশকে সংবাদ দেয় তার স্বজনরা।
আনিকা গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সুমাইয়া সাহেবগঞ্জ গ্রামের সৌদি প্রবাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার মেয়ে। সে ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
জানা গেছে, সুমাইয়া আক্তার আনিকার মা রাবেয়া বেগম সকালে গৃদকালিন্দিয়া বাজারে যায়। ফিরে এসে বিল্ডিংয়ের ভিতরে আনিকার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, পাকা বিল্ডিংয়ের ঘরের ভিতরে সিলিং ফ্যানের ওড়না পেচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে লোকজন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশকে সঠিকভাবে তদন্ত করার দাবি জানান তারা।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
১০ আগস্ট, ২০২১।