নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ১২ দিন পর পুলিশ তাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক করেছে। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকা থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক করে পুলিশ।
এ ব্যাপারে গতকাল শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক দেখিয়ে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌর সদরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ঐ শিক্ষার্থীর সাথে মুঠোফোনে রং নাম্বারের সূত্র ধরে অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিকের পরিচয় হয়। এরই সূত্র ধরে রিন্টু প্রামানিক ঐ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেয়। ঐ প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৫ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় ঐ শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিক জোরপূর্বক ঐ শিক্ষার্থীকে একটি সিএনজি স্কুটার যোগে অপহলন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোল্লা টাওয়ার সংলগ্ন সাইফুল ইসলাম হুজুরের বাড়িতে অভিযুক্তের ভাড়া বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে র্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকার মোল্লা টাওয়ার সংলগ্ন সাইফুল ইসলাম হুজুরের বাড়ি থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে। পরে এ ব্যাপারে শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে রিন্টু প্রামানিককে প্রধান আসামি ও তার পিতা-মাতাসহ ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক দেখেয়ে শনিবার দুপুরে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরিক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঐ শিক্ষার্থীকে উদ্ধার, মামলা দায়ের ও অভিযুক্তকে আটকের চাঁদপুর আদারতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
০৭ নভেম্বর, ২০২১।
