আমরা জনগণের টাকায় নিজেদের সংসার চালাই, তাই আমরা জনগণের কর্মচারী
………….. ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী

নবী নোমান
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিদের ফরিদগঞ্জ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার কর্তৃক প্রদান করা বেতন সম্মানি যা কিছুই হোক আমরা সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিরা গ্রহণ করি না কেন, সেই টাকা জনগণের। অর্থাৎ আমরা জনগণের টাকায় নিজেদের সংসার চালাই। তাই আমরা জনগণের কর্মচারী। পবিত্র সংবিধানে তাই উল্লেখ রয়েছে। আমাদের জনগণের কথা শুনতে হবে, তার সব কাজ সুচারুরূপে করতে হবে। আমাদের মনে রাখতে হবে শুধু ঘুষ না খেলেই নিজেকে কেউ সৎ বলে দাবি করতে পারবেন না। আপনি চাকরিকে যোগদানের পর আপনাকে যেসব কর্ম করতে বলা হয়েছে, তা সঠিক ভাবে পালন করতে সক্ষম হলেই আপনি নিজেকে সৎ বলে দাবি করতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার স্বপ্নকে বাস্তব রূপ দেয়া আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশাকে পৃথিবীর সব মানুষই সম্মান করে। তাই আপনাদের উপর মানুষের ভরসার জায়গাটা অনেক উপরে। প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর জীবনের সূতিকাগার। আপনি যদি একটি শিশুকে সঠিব ভাবে শিক্ষা দিতে না পারেন, তবে ওই শিশুটি নিজেকে যেমন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে সে জাতির জন্য বোঝা হয়ে যাবে। তাই আমাদের নৈতিক দায়িত্ব নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করা।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্যাহ তপদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুন্তুল কৃষ্ণ নাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
এদিকে আলোচনা শেষে পরে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী উপজেলা পর্যায় ৬ দিনব্যাপী প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি চিকিৎসায় ক্যাম্পের উদ্বোধন করেন।
