নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে আবারো এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আ. হামিদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আর এ নিয়ে একই দিনে ফরিদগঞ্জে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করতে পারলেও অপরজন পলাতক রয়েছে। ঘটনাটি সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আ. হামিদ একই এলাকার মহ্রমের ছেলে ও দুই সন্তানের জনক।
জানা গেছে, ঘটনার শিকার ঐ শিক্ষাথী স্থানীয় একটি মাদ্রসার ১ম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সে আরো দুই-তিন শিশুর সাথে বাড়ির অদূরে একটি আখ ক্ষেতের পাশে খেলা করছিল। এসময় পেশায় দিনমজুর ও দুই সন্তানের জনক আ. হামিদ ঐ শিশুকে আখ খাওয়ানোর লোভ দিখেয়ে আখ ক্ষেতের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আ. হামিদ পালিয়ে যায়। এ ব্যাপারে সোমবার রাতেই শিশুর মা ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আ. হামিদকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মামলা দায়েরর পর অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
