ফরিদগঞ্জে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নবী নোমান
ফরিদগঞ্জে সাড়ে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
আটকরা হলো- সাচিয়াখালী গ্রামের মামুন পাটওয়ারী (৪২) এবং চট্টগ্রামের জেলার লোহাগাড়া উপজেলার রাসেল (৩৫) ও রেজাউল করিম (২২)।
সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন মাদক ব্যবসায়ীর বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি এসময় আরো জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আমাদের কোন ছাড় নেই।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে।
১৮ আগস্ট, ২০২০।