ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার আবু ওসমান চৌধুরীর স্মৃতিচারণ ও দোয়া

আবু ওসমান চৌধুরীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের অনুপ্রেরণা যোগাবে
…………মাকছুদুর রহমান পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার, বিজিএমসির ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। যথাযথ শ্রদ্ধা স্মরণে রোববার (৫ সেপ্টেম্বর) সকালে লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর জন্মস্থান ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধঞ্জলি নিবেদন, শোক র‌্যালি শেষে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে সেক্টর কমাণ্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেক্টর কমাণ্ডার ফোরামের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবু ওসমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের পদেও ছিলেন। তিনি শুধু বীরমুক্তিযোদ্ধাই ছিলেন না, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আজীবন কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে আবু ওসমান চৌধুরীর বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সেক্টর কমাণ্ডার ফোরামের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নেভীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আবু নাছের বাচ্চু, ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ বাচ্চু মিয়া স্বর্ণকার। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফোরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
০৬ সেপ্টেম্বর, ২০২১।