ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

টিসিবির পণ্য কিনে বাড়ি ফেরার পথে

হাজীগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে টিসিবির পণ্য কিনে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ও বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোবরার দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা-সেন্দ্রা সড়কের রুপনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আরাফাত হোসেন ওই ইউনিয়নের মনতলা গ্রামের পাটওয়ারী বাড়ির মুজাহের হোসেন পাটওয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য কিনে বাড়ি পেরার পথে রুপনগর মসজিদের সামনে গেলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্টো-ল-৪৩-৫৮৪৪) সাথে কিশোর আরাফাতের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাইসাইকেলের চালক আরাফাত হোসেন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আরাফাত হোসেনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার আগেই কিশোর আরাফাতের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় কিশোর আরাফাত হোসেনের নিহতের বিষয়টি ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এদিকে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়া আরাফাতের লাশ তাদের কাছে হস্তান্তর করে।

১১ এপ্রিল, ২০২২।