ফরিদগঞ্জে ২ ডাকাত আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ডাকাতির ঘটনার দেড় বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র হাতে ২ ডাকাত সদস্য আটক হয়েছে। আটকরা হলেন- উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৭) ও মো. স্বপন (৩৬)। ঢাকা ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (১ জুন) তাদের আটক করা হয়।
পিবিআই’র দেয়া তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে তোফায়েল আহমেদের বসত বাড়ির বিল্ডিং এ ২০২১ সালের ১৭ অক্টোবর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের হাতে ভুক্তভোগী তোফায়েল আহমেদসহ ৩ জন সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। ডাকাতরা মুখোশ পড়ে থাকার কারণে কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা করে ডাকাতির ঘটনার শিকার মো. তোফায়েল আহমেদ।
ফরিদগঞ্জ থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে কাউকে আটক করতে না পারায় মামলাটির তদন্তভার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
চাঁদপুর পিবিআই’র পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে মামলাটির তদন্তভার আমাদের হাতে আসলে পিবিআই’র টিম ক্লুলেস এ ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য ছায়া তদন্ত শেষে অভিযুক্তদের সনাক্ত করে। এ ঘটনায় জড়িত মো. শুভ (২৭) ও মো. স্বপন (৩৬) কে আটকের পর তাদের স্বীকারোক্তি পেয়ে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই’র এই কর্মকর্তা।
এদিকে ঘটনার প্রায় ১৯ মাস ১৫ দিন পর ২ অপরাধী আটকের খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কতৃজ্ঞতা জানিয়ে বাকিদেরও আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. তোফায়েল আহমেদ।

০২ জুন, ২০২৩।