ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কালু পাটওয়ারীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ ব্যুরো :
৩ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর। গত শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী এতে অংশগ্রহণ করেন।
বাদ জুমা ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে মোবাইলের ফোনের মাধ্যমে মরহুমের জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আ.লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। এ সময় তিনি মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এছাড়া জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি নাছির আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, বিএনপি নেতা ও শিল্পপতি মোতাহার হোসেন পাটওয়ারী, এমএ হান্নান, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, সুবিদপুর উত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি শরাফত আলী, মরহুমের ছোট ভাই মুকবুল হোসেন মুকুল পাটওয়ারী, ছেলে মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কালু পাটওয়ারীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মজীবনের বিভিন্ন দিক এবং উপজেলার রাজনীতি ও জনসেবায় তার ভূমিকা তুলে ধরেন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক আমানত হোসেন গাজীসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।
এছাড়া জেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেয়। জানাজার পরে লাশের কফিনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলীয় নেতকর্মীরা। জানাজায় অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। বাদ আসর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।