সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে
……..ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন এবং তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত যে মধ্যম আয়ের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে আমি মনে করি দেশের সাংবাদিকদের একটি বিশাল অবদান রয়েছে।
তিনি আরো বলেন, আপনারা দেশের উন্নয়নের চিত্রকে তুলে ধরে সরকারের সব অগ্রযাত্রা আরো গতিশীল করে তুলতে পারেন। বর্তমান সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। তথ্য প্রযুক্তিতে দেশে যেমন এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আপনাদেরও এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সাংবাদিকরা হচ্ছে একটি দেশের তৃতীয় চোখ। যার মাধ্যমে দেশের সব চিত্র তুলে আনতে হবে।
ফরিদগঞ্জ প্রেসক্লবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান ও নুরুন্নবী নোমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
১৩ সেপ্টেম্বর, ২০২০।
