মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা একটি ভিন্ন মাত্রায় অবস্থান করে
…………… ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শহীদ মিনারস্থ শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পণের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা একটি ভিন্ন মাত্রায় অবস্থান করে। চাঁদপুর জেলার মধ্যে সর্বপ্রথম ফরিদগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। এর কারণ ১৯৭১ সালে ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা এবং আপামোর জনগণ স্বাধীনতার প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ হয়েছিল। আর এই গৌরবগাঁথা ইতিহাসের জন্য আমরা ফরিদগঞ্জবাসী প্রতিবছর ফরিদগঞ্জ মুক্ত দিবস পালনকালে বীর সেনানীদের স্মরণ করি।
তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস এবং বুকে ধারণ করেই। আমি যতদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি, চেষ্টা করেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকা। তাই বর্তমানে যারা জনপ্রতিনিধি বিশেষ করে নৌকা প্রতীক নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তাদেরও একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভাল সুসম্পর্ক বজায় রাখা। আমরা যদি তাদের দূরে ঠেলে দেই তবে দল ক্ষতিগ্রস্ত হবে।
বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বক্তব্য রাখেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহ তপদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ খান, সহকারী কমান্ডার ইয়াকুব ঢালী, উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, উপজেলা যুবলীগের পক্ষে মহিউদ্দিন ভূঁইয়া ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ। আলোচনা সভা ও র্যালিতে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
