নারায়ন রবিদাস
নদীর জোয়ারের পানি সেচ প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ ও টানা বর্ষণের ফলে সেচ প্রকল্পের অভ্যন্তরে মারাত্মক জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছ চাষিদের ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত সেচ প্রকল্পের জলাবদ্ধতা দূরকরণে ব্যবস্থাগ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ উপজেলা ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় তারা বলেন, নদীর জোয়ারের পানি স্লুইচ গেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভিতরে প্রবেশ এবং টানা বর্ষণে সেচপ্রকল্পের ভিতরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমন ফসল, শীতকালিন সবজি নষ্ট এবং মাছ চাষিদের বিপুল পরিমাণ ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছ চাষিদের ক্ষতিপূরণ দেয়া অনিবার্য।
মানববন্ধনে তারা আরো দাবি করেন, ক্ষতিপূরণের সাথে দ্রুত সেচ প্রকল্পের অভ্যন্তরের জলাবদ্ধতা দূরকরণে ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উপজেলা শাখার সংগঠক মোশারফ হোসেন নান্নু, আব্দুল ওয়াদুদ, বাসদ (মার্কসবাদী) উপজলো সমন্বয়কারী জি এম বাদশা, মৎস্যজীবী নিজাম উদ্দিন, কৃষক আব্দুর রহিম প্রমুখ।
মানববন্ধন শেষে মিছিল করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
১ সেপ্টেম্বর, ২০২০।
