‘ফাগুন হওয়া’কে দর্শক উপলব্ধি করলেই আমরা স্বার্থক

চাঁদপুরে ব্রেইভের চলচ্চিত্র প্রদর্শনীতে তৌকির আহমেদ

স্টাফ রিপোর্টার
ফাগুন হাওয়া সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনাকারী তৌকির আহমেদ বলেছেন, দর্শক যদি ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি দেখে এর তাৎপর্য উপলব্ধি করতে পারে তাহলেই আমরা সিনেমা নির্মাতা হিসেবে স্বার্থক। তাছাড়া এই সিনেমাটি এমন একটি সামাজিক সিনেমা যা পরিবার-পরিজনকে নিয়ে দেখা সম্ভব। বিশেষ করে সমাজের তরুণ প্রজন্মের জন্য এই সিনেমায় অনেক ম্যাসেজ রয়েছে। তাই সিনেমাটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো।
গতকাল সোমবার জয় বাংলা ইয়ূথ এওয়ার্ডপ্রাপ্ত সংগঠন বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) এর ২ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী দিনে জেলা শিল্পকলা একাডেমীতে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তৌকির আহমেদ আরো বলেন, সিনেমা হলো উপলব্ধির বিষয়। দর্শক যদি এই সিনেমাটি দেখে পজেটিভ কিছু উপলব্ধি করে। তাহলে এর চেয়ে আর বড় ভালোলাগা কিছু হতে পারেনা। আমি সিনেমাটি দেখার ক্ষেত্রে চাঁদপুরবাসীর জন্য শুভ কামনা রাখছি।
ব্রেইভের প্রতিষ্ঠাতা রূপক রায়ের পরিচলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান।
সিনেমা দেখা শেষে দর্শকরা জানান, ‘ভালো সিনেমা দেশের প্রয়োজনে’ ব্রেইভ ২৯ ও ৩০ এপ্রিল দুপুর ২ টা, বিকাল সাড়ে ৪টায় এবং সন্ধ্যা ৭টায় এই ফাগুন হাওয়ায় সিনেমাটি প্রদর্শিত করায় আমরা ব্রেইভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্যিই এই সিনেমাটিতে তরুণদের জন্য অনেক ম্যাসেজ ছিলো। ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কিত অনেক তথ্য নির্ভর এই সিনেমাটি তৈরি করায় তৌকির আহমেদ ভাইকে অশেষ ধন্যবাদ। আমরা ভাইয়ের কাছে প্রত্যাশা করছি এভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ফাগুন হাওয়ার মতো আরো সিনেমা তিনি আমাদের দর্শকদের জন্য তৈরি করবেন।
এদিকে সিনেমাটি দেখতে আগে ভাগেই নির্ধারিত ফি দিয়ে শহরস্থ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের স্টুডিও রং ছবি এবং নাজির পাড়ার জেরক্স থেকে টিকিট সংগ্রহ করে। যেজন্য সিনেমার প্রতিটি প্রদর্শনীতেই ছিলো জেলা শিল্পকলা একাডেমী হাউজ ফুল দর্শক। আর দর্শকরা এ সিনেমা দেখা শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে ব্রেইভের মতামত প্রকাশের জায়গায় নিজেদের মতামত প্রকাশ করতে দেখা গেছে।
উল্লেখ্য, টিটু রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’র অনুপ্রেরণায় তৌকির আহমেদ এই সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেন।