
শরীয়তপুর ব্যুরো :
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে ভেদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ছাব্বির হোসেন।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান রাঢ়ী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান বেপারী, এমএ রেজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পৌর মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ছয়গাঁও ইউপির চেয়ারম্যান মীর মামুনসহ স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
