স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শাহরাস্তি উপজেলার শোরশাক যুক্ত সপ্রাবি ৬-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সপ্রাবিকে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ২-১ গোলে শাহরাস্তি উপজেলার উপলতা সপ্রাবিকে পরাজিত করে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ইতোমধ্যেই আপনারা জেনেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি সমগ্র প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছেন। আজ এখানে যারা খেলেছে তাদের মধ্যে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররাও লুকিয়ে আছে। কারণ এমন টুর্নামেন্ট থেকেই আজকে সাফ নারী দল সফল হতে পেরেছে।
তিনি আরো বলেন, উন্নত হওয়ার জন্যে শিক্ষার যেমন বিকল্প নেই। তেমনি শিক্ষাকে গ্রহণ করতে সুস্থ থাকতে হয়। আর সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে হবে যেন সফল হওয়া যায়।
হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা শাফি বন্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী। এসময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
২৫ সেপ্টেম্বর, ২০২২।
