হাজীগঞ্জের ডাকাতিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা

গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দক্ষিণ বলাখাল সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে ডাকাতিয়া নদীতে ২৬তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) পড়ন্ত বিকালে পৌরসভাধীন ১নং ওয়ার্ডের দক্ষিণ বলাখাল ডাকাতিয়া নদীর একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। একই সময়ে দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলা ও রশি (দঁড়ি) টানাটানি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন ইকবাল ও শুভঙ্কর দাসের দল এবং দাদা-নাতির রশি (দঁড়ি) টানাটানিতে বিজয়ী দাদা জামাল হোসেনের দল ও হা-ডু-ডু খেলায় বিজয়ী নেয়ামত হোসেনের দলসহ রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ। এটি শুধুমাত্র আমাদের দেশে নয়, বিশে^র বিভিন্ন ও উন্নত দেশে নিয়মিত নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে থাকে। তবে আমাদের দেশ থেকে দিনে দিনে এসব লোকজ সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। তাই নৌকা বাইচসহ যেসব লোকজ ঐতিহ্য রয়েছে, তা সংরক্ষণে আমাদের দায়িত্বশীল হতে হবে।
এসময় তিনি ডাকাতিয়া নদী ড্রেজিংয়ের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কোন সরকার ডাকাতিয়া নদী ড্রেজিং করেনি। যার ফলে নদীতে পলি ও আবর্জনা জমে নদীর নাব্যতা হারিয়েছিল। এতে মাছ ও ফসলের উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডাকাতিয়া নদীতে ড্রেজিংয়ের ব্যবস্থা করে। যা এখনো চলমান রয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাজের লিটন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
সাবেক ছাত্রনেতা তাছলীম আলম শিশিরের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন প্রমুখ।
দক্ষিণ বলাখাল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও সাবেক কাউন্সিলর সাংবাদিক হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। যার ধারাবাহিকতায় তারা গত ২৫ বছর যাবৎ নৌকাবাইচ প্রতিযোগিতাটি অব্যাহত রেখেছেন। নৌকা বাইচের পাশাপাশি হা-ডু-ডু ও রশি (দঁড়ি) টানাটানি নিয়মিত হয়ে থাকে বলে তারা জানান।

২৫ সেপ্টেম্বর, ২০২২।