জাতীয় ফুটবল দলে ফরিদগঞ্জ উপজেলার নাম উজ্জ্বল করবে
……… অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের বালক গ্রুপে ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ পৌরসভা একাদশ এবং বালিকা গ্রুপে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত ফরিদগঞ্জ উপজেলা দলকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বক্তব্য রাখতে গিয়ে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, অনুর্ধ্ব-১৭ বালক দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বালিকা দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে ২য় রাউন্ডে উঠে আমাদের ফরিদগঞ্জ উপজেলাকে সম্মানিত করেছে। এইসব খেলোয়াড়দের প্রয়োজন প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা। তবেই আজকের এই খেলোয়াড়রা একদিন ফরিদগঞ্জের কৃতী সন্তান জাতীয় ফুটবল দলের সদস্য রেজা ও রাফির মতো ফরিদগঞ্জ উপজেলার নাম উজ্জ্বল করবে। ফরিদগঞ্জ উপজেলা পরিষদসহ আমরা সবাই এই প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে তথা ফরিদগঞ্জের সম্ভবনায়ময় ফুটবলকে এগিয়ে নিতে প্রশিক্ষণসহ সব ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম ও মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা শেষে উভয় দলকে সংবর্ধনা প্রদান করা হয়।
১৭ জুন, ২০২১।
