তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে
………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শাহ্ আলম খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা
ম্যারাথন-২০২১। এতে চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করবেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে টেলিকনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এই ম্যারাথনের আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করার জন্য তিনি আহবান জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামি ৭ মার্চ পর্যন্ত। আজ থেকে জেলার ৮ উপজেলার এই ম্যারাথন একযোগে শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে সেনাবাহিনীর এই আয়োজনে সহযোগিতা করছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। আমি আশা করবো জেলা সদরসহ জেলার ৮ উপজেলায় এই ম্যারাথন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ডিজিটাল বাংলাদেশ হিসেবে এটি নিবন্ধন হচ্ছে অ্যাপের মাধ্যমে। শুরু হয়েছে ১০ জানুয়ারি চলবে ৭ মার্চ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ৩ বীর’র অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের মেজর তুহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ স্মৃতি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহছান উল্লাহ আখন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা শাহীর হোসেন পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী ম্যারাথনে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা পুলিশের সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ সদস্য, চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিএনসিসি সদস্য, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য, চাঁদপুর জেলা স্কাউটস, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট কর্মরত অফিসার ও সেনাবাহিনী সদস্যরা এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ তারিখ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘মুজিব বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় জাতীয়/আন্তর্জাতিকভাবে উদযাপন করা হচ্ছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘মুজিব শতবর্ষ’ উদযাপন জাতীয় কমিটি গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। এই ম্যারাথনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ লাখ জনগণ সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে বিভিন্ন সেনানিবাসের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও এই ম্যারাথনটি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা সদরে সকাল ১০টায় স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার ম্যারাথন শুরু হয়। চাঁদপুর জেলা সদরের পাশাপাশি চাঁদপুর জেলার সব উপজেলায় একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি করে টিম এবং উপজেলা প্রশাসন একত্রে এই শীতে ম্যারাথনের আয়োজন করেন। প্রতিটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ও সেনা সদস্য, উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
