বসন্ত-ভালোবাসায় রঙিন চাঁদপুর

এস এম সোহেল
কলি ফুটে এখনও বেরোয়নি লাল শিমুল। পলাশের রঙে মেখে যায়নি সবুজ পাতার গাছেরা। পুরোপুরি কাটেনি মাঘের হিম হিম কুয়াশা। প্রকৃতিতে যাই ঘটুক, ফুল ফুটুক কিংবা নাই ফুটুক, তবুও আজ এসেছে বসন্ত।
বসন্ত একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছে ভালোবাসা। বসন্তের বাসন্তী আর ভালোবাসার লালে ছেঁয়ে গেছে চারদিক। ফুলের দোকানিরা ফুলের পসরা সাজিয়ে বসেছেন পথে, ঘাটে ও উদ্যানে। প্রেমিক ভালোবেসে পুষ্প মুকুট কিনে পরিয়ে দিচ্ছে প্রেমিকার খোঁপায়, প্রেমিক যুগলের হৃদয়ে ভালোবাসার ঝংকার। চেনা বুলির মতোই যেন সবাই আওরাচ্ছেন ভালোবাসি-ভালোবাসি শব্দটি। একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ার বইতে দেখা যায় শহরের বড়স্টেশন মোলহেডে।
চারদিকে যেন উৎসবের আমেজ। রঙিন পোশাকে সেজেগুজে ঘুরতে বেরিয়েছে তরুণ-তরুণী ছাড়াও বাচ্চা-বুড়ো সবাই। ফাগুনের রঙ আর ভালোবাসার রঙ মিলেমিশে হয়েছে একাকার।
চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিশ্ব ভালোবাসা দিবসে খানিক চিত্রটা এমনই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে সকাল থেকেই প্রেমিক যুগলদের দেখা মিলছে শহরের বড়স্টেশন, হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠসহ শহরের বিভিন্ন সড়কে। এছাড়া ফাইভ স্টার পার্ক, কৃতিকুঞ্জ পার্কসহ নানা জায়গায় রয়েছে তরুণ-তরুণীদের ভিড় ছিলো লক্ষণীয়। এছাড়া জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পালিত হয়েছে বসন্ত উৎসব।
নারীরা বাসন্তি রঙের শাড়ির সঙ্গে মিল রেখে চুড়ি, লিপস্টিক ও মাথায় পরেছেন ফুলের ক্রাউন। ছেলেরাও কম যাননি, প্রিয়জনদের সঙ্গে মিলিয়ে তারাও পরেছেন পাঞ্জাবি। প্রিয় মানুষটিকে আজ ভালোবাসার কথা জানাবেন কিংবা আবারও বলবেন ‘ভালোবাসি’ তারই যেন প্রতিযোগিতা চলছে।
চড়া দাম সত্ত্বেও ফুলের দোকানগুলোতে হুমড়ি খেতে দেখা গেছে অনেককেই। তবে ফুল বিক্রির শীর্ষে ছিল গোলাপ ফুল। প্রিয় মানুষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রকারন্তরে ভালোবাসার কথাই যেন বলছেন সবাই। এভাবেই গড়িয়েছে দুপুর। এবার আহারের পালা। রিকশায় ঘুওে ছুটেছেন হয় ফাস্টফুড নয়তো রেস্টুরেন্টে। শহরের বিভিন্ন রেস্টুরেন্টে বেশ ভিড় ছিল তরুণ-তরুণীদের।
ভালোবাসা দিবসে বন্ধুদের নিয়ে হাজীগঞ্জ থেকে ট্রেনের ছাদে করে শহরের বড়স্টেশ মোলহেডে ঘুরতে এসেছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী রায়হান। তিনি বলেন, ভালোবাসা দিবস বলতে এখন শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মনে করা হয়। আসলে ভালোবাসা প্রকাশ হতে পারে বন্ধু, বাবা-মা, পরিবার-পরিজন সবার প্রতিই। তাই আমরা বন্ধুরা মিলেই আজ দিনটিকে উপভোগ করার চেষ্টা করছি।
দিবসটিতে বড়স্টেশন মোলহেডে এলাকায় ফুল বিক্রি করতে দেখা গেছে ভ্রাম্যমাণ বিক্রেতাদের। ফুল বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্য দিনের তুলনায় দাম এবং বিক্রি দুটোই বেশি বলে জানান তারা। ফুল বিক্রেতা সোহান বলেন, আজ ফুলের চাহিদা বেশি। অনেক ফুল বিক্রি হচ্ছে, বিশেষ করে গোলাপ। গোলাপ বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়।

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।