এস এম সোহেল
চাঁদপুর শহরের যানজট সমস্যা নিরসন করতে ট্রাফিকের ভূমিকায় নিজেই সড়কে নেমেছেন পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নিজেই যানজট সমস্যা নিরসন করতে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমে পড়েন।
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র জেএম সেনগুপ্ত রোডের পাশে অটোরিক্সা থামিয়ে যানজট সৃষ্টি করা হয়। এ কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রাস্তা দিয়ে আসা-যাওয়ার সব যানবাহন ও পথচারীরা নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। যার কারণে গতকাল মঙ্গলবার পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল নিজে সড়কে নেমে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত স্কুটারসহ যাত্রীবাহী পরিবহন চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে এবং সাবধানে চলাচল করার পরামর্শ দেন।
যানজট নিরসনে মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিভিন্ন মানুষ। তারা মেয়রকে ধন্যবাদ জানান এবং আগামি দিনে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, সবার আন্তরিকতা না থাকলে এ শহরকে ব্যবহার উপযোগী রাখা যাবে না। সবাইকে যানজটমুক্ত শহর গড়তে হলে সচেতন হতে হবে।
একইসঙ্গে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা-নামা না করার অনুরোধ করেন তিনি।
১৫ ফেব্রুয়ারি, ২০২৩।
