দু’দফা জানাযা শেষে দাফন সম্পন্ন

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক মো. বজলুর রশীদ নান্নু মিয়া (৬৫) গতকাল বুধবার সকাল ৮টায় কলাদী (টিএন্ডটি) এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণীগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ যোহর বহরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম সাগর, উপাদী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন খান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান প্রধান, ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, মরহুমের ঘনিষ্ট বন্ধু সানাউল্লাহ্ মাস্টার, স্থানীয় ইউপি সদস্য ও বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হান্নান খান, মো. মাহ্বুবুর রহমান, মরহুমের ছেলে অনিক।
পরে বিকাল ৩টায় বহরী নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বজলুর রশীদ নান্নু মিয়া ২৫ বছর বহরী উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
