আবর্জনার বিনিময়ে হারমোনিয়াম ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন

কচুয়া ব্যুরো
‘পরিবেশবান্ধব কচুয়া গড়ি, মুজিববর্ষ সফল করি’ এ স্লোগানে কচুয়ায় পুরানো প্লাস্টিক সামগ্রী, পলিথিনজাত আবর্জনার বিনিময়ে হারমোনিয়াম ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
মুজিববর্ষে কচুয়া উপজেলাকে আবর্জনামুক্ত ঘোষণা করার লক্ষ্যে কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা পুরানো প্লাস্টিক সামগ্রী ও পলিথিনজাত আবর্জনার বিনিময়ে প্রতিষ্ঠানের প্রধানদের হাতে হারমোনিয়াম ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
এছাড়া কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ইতোপূর্বে কচুয়া উপজেলাকে অক্সিজেনের ফ্যাক্টরী করার লক্ষ্যে রাস্তার খালি যায়গায় ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৬২ হাজার গাছের ছাড়া রোপণ করে আলোচনা আসেন।
