স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়ম ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া জেলেদের কাছ থেকে কার্ড বাবদ টাকাও উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, প্রত্যেক ওয়ার্ডে জেলেদের কাছ থেকে জেলে কার্ড বাবদ নগদ ১২০ টাকা হতে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। চরমেয়সার চরের জেলেদের কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে। বাগাদী ইউনিয়নে ৬৭০ জন জেলেদের কাছ থেকে চাল আনার গাড়ি ভাড়ার অজুহাত দেখিয়ে এই টাকা আদায় করা হয়েছে বলে সূত্রে জানা যায়।
জেলেরা আরও জানান, যেখানে আমাদের দুই কিস্তির ৮০ কেজি চাল দেওয়ার কথা, সেখানে আমাদের ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। অনেককেই আবার দেওয়া হয়েছে এক কিস্তির চাল।
স্থানীয় অধিবাসীদের মতে, ৬৭০ জন জেলের মধ্যে একশ’ জন প্রকৃত জেলে আছে কিনা সন্দেহ আছে। নামে-বেনামে চাল আত্মসাৎ করে নেওয়া হচ্ছে- এমনটাই অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৃত জেলেদের।
স্থানীয় সরকারের প্রতিনিধিদের এমন কার্যকলাপের কারণে সরকার তথা আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন অনেকে। তারা দাবি করেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এ অপকর্ম করে যাচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগী জেলেরা।
ইউনিয়ন পরিষদ সদস্যদের বক্তব্য দিতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করছেন কেউ কেউ।
সুধীজন মনে করেন, প্রকৃত দরিদ্র জেলেরাই যেন বরাদ্দ পায়, প্রতিষ্ঠিত মৎস ব্যাবসায়ী বা মাছের আড়ৎ মালিক বা জলমহাল ইজারাদাররা যেন এ ধরনের সুবিধা গ্রহণ করতে না পারে সেদিকে নজর রাখা উচিত সবার।
১২ এপ্রিল, ২০২১।
