বাগাদীর দু’মেম্বরকে চিকিৎসা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্ট থেকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের সদস্য ইসাহাক গাজী ও রিয়াজউদ্দি পাটওয়ারীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছ। বুধবার (২১ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ইউপি সদস্য ইসাহাক গাজীকে ৩০ হাজার ও রিয়াজউদ্দি পাটওয়ারীকে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ইউপি সদস্য রিয়াজউদ্দি পাটওয়ারী ও ইসাহাক গাজীর পক্ষে তার ছেলে মো. সহিদ গাজীর হাতে প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সহায়তা চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য সচিব এবং বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
এ বিষয়ে ট্রাস্টি বোর্ডর সদস্য সচিব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল জানান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কল্যাণে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। এই ফান্ড থেকে এখন পর্যন্ত অসুস্থ চেয়ারম্যান ও মেম্বারদের চিকিৎসা সেবায় ১৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের দুই সদস্যর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হলো।

২২ এপ্রিল, ২০২১।