ধেররা দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ জাহের শাহ’র ইন্তেকাল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের সাহেবজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী (৫৫) আর নেই (ইন্নালিল্লাহে….রাজেউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় বাদ ফজর ধেররা দরবার শরীফে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বুধবার বাদ আসর নারায়নগঞ্জ জেলার নিতাইগঞ্জ এলাকায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মরহুম আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী মারা যান। তিনি ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফের পীর মরহুম আবু নছর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আলা মাদানী (রহ.) চতুর্থ সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান।
মরহুম আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদীর নারায়নগঞ্জের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদে বুধবার বাদ আসর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বুধবার রাতেই নিতাইগঞ্জ থেকে নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে মরহুমের মরদেহ নিয়ে আসা হয় এবং আজ বৃহস্পতিবার ভোর ৬টায় (বাদ ফজর) জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
এদিকে আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদীর মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ ও পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। এছাড়া শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাহাদুর শাহ মোজাদ্দেদীর শোক : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আওলাদে রাসুল আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মরহুমের বড় ভাই, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।
তিনি এক শোক বার্তায় বলেন, আমার ছোট ভাই আমার আগে দুনিয়া থেকে চলে গেলো এটা আমার জন্য খুবই কষ্টের, বেদনার। আল্লাহ যেনো আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের যেনো এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।

২২ এপ্রিল, ২০২১।