স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর এলাকায় বিশ্ব ভালবাসা দিবসে প্রেমিকের সাথে বিয়ে দিতে পরিবার রাজি না হওয়ায় এক কিশোরী আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাট এলাকার মাল পরিবারে।
জানা যায়, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির দুলাল মালের ছোট ভাইয়ের মেয়ে কারিমা আক্তার (১৬) গতকাল সোমবার বিশ্ব ভালবাসা দিবসের সকালের দিকে নিজ কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। কারিমা আক্তার বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
কারিমার বাবা কামাল হোসেন মাল জানান, তার ৩ মেয়ে ও ১ ছেলে। কারিমা সবার বড়। ঘটনার দিন সকাল ৭টার দিকে তিনি তার ছোট ২ মেয়েকে মাদ্রাসায় নাস্তা দিতে বাসা থেকে চলে যান। এ সময় কারিমা তার কক্ষে ও স্ত্রী অন্য কক্ষে ঘুমিয়েছিল, দু’খালা আরেক কক্ষে ঘুমিয়েছিল। ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফিরে আসেন। দেখতে পান কারিমার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রীলের সাথে কারিমার নিথর দেহ ঝুলে আছে।
একটি সূত্র থেকে জানা যায়, গত এক সপ্তাহ ধরে কারিমা মানসিকভাবে বিপর্যস্ত। কামাল মালের মেয়ে প্রেমিক ছেলেকে বিয়ে করতে বাবা-মায়ের কাছে বায়না করছিল। পরিবার বলেছিল, আগে তুমি পড়ালেখা শেষ করো তারপর বিয়ের কথা আমরা চিন্তা করবো। আত্মহত্যাকারী কারিমা বছর কয়েক আগে এক প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। তা পারিবারিকভাবে মিমাংশা করা হলে ঐ প্রেমিক যুবক অন্যত্র বিয়ে করে বর্তমানে সংসার করছে। নতুনভাবে কারিমা চাঁদপুর শহরের কোনো এক নেশাগ্রস্ত যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরিবার এ প্রেম মেনে না নেয়ায় গত ৩ দিন আগে সে তার শয়নকক্ষে বসে নিজের হাত নিজেই কেটে সাদা কাগজে কি যেন লিখে।
আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) এনামুল হক চৌধুরী, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। পুলিশ কর্মকর্তারা কারিমার রক্তমাখা কাগজগুলো উদ্ধার করে নিয়ে আসে। একই সাথে কারিমার লাশ বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
১৫ ফেব্রুয়ারি, ২০২২।
