মতলব উত্তরে মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলের রাস্তা অবরুদ্ধ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গার উপর ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, মামলার বাদীর ছেলে হানিফ নিজেই আদালতের নিষেধাজ্ঞা করে ঘর নির্মাণ করেছেন। শুধু তাই নয় মুক্তিযোদ্ধার বাড়িতে চলাচলের রাস্তা অবরুদ্ধ করেও রেখেছেন তিনি। ঐ ঘটনায় শৃঙ্খলা নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, মমরুজকান্দি মৌজার ১৩৯নং খতিয়ানের ৫৫১ দাগে ০.০৫ একর ভূমি মোসাম্মৎ হালিমা বেগমের কাছ থেকে প্রতিবেশী মুক্তিযোদ্ধা আলী আহম্মদের মেয়ে আমেনা আক্তার দলিলমূলে ক্রয় করে ভোগদখলে আছেন। দাতা হালিমা বেগমের ভাই মৃত আজিম উদ্দিনের ছেলে আছু মিয়া ঐ জায়গা ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে চাঁদপুর কোর্টে মৃত বক্স আলীর ছেলে আলী আহম্মদ, আলী আহম্মদের মেয়ে আছমাসহ ৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। ঐ মামলার প্রেক্ষিতে আদালত ঐ ভূমির উপর স্থিতিশীলতা বজায় রাখার আদেশ দেন। গত বছর ১২ নভেম্বর মতলব উত্তর থানার এসআই মো. দুলাল হোসেন নিষেধাজ্ঞা নোটিশ জারি করেন।
পরবর্তীতে প্রতিপক্ষও আদালতে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। উক্ত জায়গা গ্রহীতা আমেনা আক্তার দলিল মূলে ক্রয় করে ভোগদখলে প্রতীয়মান আছেন। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি প্রথম মামলার বাদী আছু মিয়ার ছেলে হানিফসহ আরো কয়েকজন জোরপূর্বক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গার উপর ঘর নির্মাণ করেন।
আলী আহম্মদ মিয়ার মেয়ে আছমা বলেন, আমিসহ কয়েকজন ঘর তুলতে বাঁধা দিলে আমাদের হুমকি-ধমকি দেয় এবং বেশি কথা বললে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমাদের বাড়ি থেকে বের হওয়ার পথ অবরুদ্ধ করে রেখেছে।
সরজমিনে আছু মিয়ার ছেলে হানিফের সাথে কথা হলে তিনি বলেন, এখানে আমার দোকান আছে। ঐ দোকান মেরামত করছি। কেউ কিছু বললে খবর আছে।

১৫ ফেব্রুয়ারি, ২০২২।