সজীব খান
চাঁদপুর বাবুরহাটে জেলা পরিষদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবুরহাটে জেলা পরিষদের বাজারের ভেতরের সব দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী, চাঁদপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়।
জেলা পরিষদের সম্পত্তিতে মার্কেট নির্মাণ করার জন্য প্রস্তাব অনুমোদন করার পর বাবুরহাটে জেলা পরিষদের সম্পত্তিতে নির্মিত দোকানদাররা একত্রিত হয়ে যাতে তাদের উচ্ছেদ করতে না পারে সেজন্য আদালতে মামলা দায়ের কারেন। শত বছর যাবৎ তারা এখানে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ায় দোকানের মায়া ছাড়তে না পারায় তারা মামলা দায়ের করেন। জেলা পরিষদ আইনী মোকাবেলায় শেষ পর্যন্ত পক্ষে রায় আসলে ব্যবসায়ীরা দোকান ছাড়তে বাধ্য হয়।
উচ্ছেদের আগে সব দোকানদার, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ কর্মকর্তারা আলোচনা করেন। সে আলোচনার পরপরই উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করা হয়।
জানা যায়, বাবুরহাটে জেলা পরিষদ বহুতল ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলো। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী প্রথমবার নির্বাচিত হওয়ার পরই বাবুরহাটে জেলা পরিষদের মার্কেট নির্মাণ করার স্বপ্ন দেখেন। সে স্বপ্ন বাস্তবায়ন করতে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর কাজ শুরু করেন।
৩০ জুন, ২০২৪।
