মানছে না সামাজিক দূরত্ব
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ঈদ কেনাকাটায় প্রচুর মানুষ আসছে। এর মধ্যে প্রতিদিনই আসছে হাজার-হাজার নারী ক্রেতা। ঐসব নারীরা তো লকডাউন দূরে থাকুক সামাজিক দূরত্বও মানছেন না।
সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের লোক আসলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাখে। তারা চলে গেলে আবার দোকান খুলে ফেলে। মনে হয় যেন চোর-পুলিশ খেলা হচ্ছে।
অনেকেই এ প্রতিনিধিকে জানান, বাবুরহাট বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা জরুরি এবং বেশি করে নারী পুলিশ থাকলে নারীদের বাজারমুখিতা দূর করা সম্ভব হবে।
উল্লেখ্য, সারা পৃথিবীতে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। পৃথিবীজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ লাখ, মৃত প্রায় ৩ লাখ। পাশাপাশি বাংলােেদশ আক্রান্ত প্রায় ১৯ হাজার, মৃত ২শ’ ৮৩ জন।
পৃথিবীর বড় বড় ডাক্তার ও রোগতন্ত্র বিশেষজ্ঞদের মতে করোনা মোকাবেলা করতে হলে প্রথমত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সারা পৃথিবীতে এখনো করোনার কোন টিকা কিংবা ওষুধ তৈরি হয়নি। তাই এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনা মহামারি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। তা নাহলে পুরো পৃথিবী জুড়েই মৃত্যুর হার বেড়ে যাবে। তার মানে হল প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার দেশের জনগণের কথা চিন্তা করে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করেন। যে, যে অবস্থানে আছে সেখানেই থাকার জন্য বলা হয়েছে। সারা দেশের নিরীহ খেটে খাওয়া মানুষের যখন কর্ম নেই তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন কোন অবস্থাতেই যেন একজন মানুষও না খেয়ে মারা যায়। তার পাশাপাশি তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা প্রশংসার দাবিদার।
১৪ মে, ২০২০।
