হাজীগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর পুলিশ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘লকডাউন মানছে না হাজীগঞ্জবাসী’ শিরোনামে দৈনিক ইলশেপাড়ে সংবাদ প্রকাশের পর কঠোর অবস্থান নিয়েছে হাজীগঞ্জ পুলিশ। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে এবং হাজীগঞ্জ বাজারে জনসমাগম রোধে বৃহস্পতিবার (১৪ মে) পুলিশের কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
এদিন সকাল থেকে হাজীগঞ্জ বাজারের প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি জোরদার করে ট্রাফিক পুলিশ এবং নিয়মিত অভিযানের পাশাপাশি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেন ওসি। এ সময় বিনাকারণে রাস্তায় যাতে কেউ বের হতে না পারে সেটিও তদারকি করা হয়। অনেক জায়গায় অলিতে-গলিতে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে ধাওয়া করে বাড়িতে পাঠিয়ে দেন তারা।
অপরদিকে ট্রাফিক ইন্সপেক্টর তালুকদার আল মামুনের নেতৃত্বে যেসব যানবাহন বিনাকারণে বাজারে ঢোকার চেষ্টা করছে সেগুলো ট্রাফিক পুলিশ আটকে রেখে ফিরিয়ে দেন। যেন ভবিষ্যতে লকডাউন চলাকালীন সময়ে বিনা প্রয়োজনে কেউ বের না হয় সে নির্দেশনা দেন তারা।
পুলিশের এমন কঠোর ভূমিকায় সড়কে যানবাহনসহ অলিতে-গলিতে লোকসমাগম কমে যায়। এর আগে ‘লকডাউন মানছে না হাজীগঞ্জবাসী’ শিরোনামে দৈনিক ইলশেপাড়ের প্রিন্ট ও অনলাইনে সংবাদ প্রকাশের পর নিউজটি ভাইরাল হয়। শুরু হয় আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় প্রাণঘাতী এই করোনাভাইরাসের সংক্রমন হঠাৎ বেড়ে যাওয়ার কারণে গত ১০ মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব শপিং মল, বিপণী বিতান, মার্কেট, দোকান-পাট, ব্যবসা কেন্দ্র আবশ্যিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে সংক্রামক ঝুঁকি মোকাবেলায় গত ৯ এপ্রিল চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়। লকডাউনের পাশাপাশি নিয়মিত চলছে প্রশাসনের অভিযান, সশস্ত্রবাহিনী ও পুলিশের টহল এবং জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সচেতনতামূলক কার্যক্রম। এমন পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না হাজীগঞ্জবাসী।
সরকারি নির্দেশনা ও স্থানীয় প্রশাসন কর্তৃক লকডাউনের মাঝে গত কয়েকদিনে হাজীগঞ্জ বাজারসহ উপজেলার হাট-বাজারগুলোতে দেখা গেছে উল্টো চিত্র। খুলে গেছে বিপণী বিতান, মার্কেট ও দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। চলছে রিকশা, অটো রিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন। হচ্ছে জনসমাগম এবং এই জনসমাগমের কারণে সড়কে দেখা গেছে যানজট।

১৪ মে, ২০২০।