গরুর সাথে এ কেমন শত্রুতা?
আল আমিন ছৈয়াল
‘ঝগড়া হলে আমার সাথে আছে, আমার গরু দু’টি কী করছে তোকে?’- এভাবেই বলতে বলতে গরুর মাথা হাত বুলিয়ে কান্নায় ভেঙে পড়েন আমিন গাজী নামের গরুর খামারী। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া ২নং ওয়ার্ডের আমিন গাজীর। গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে কে বা কারা তার গরুর খামারে ঢুকে পেটে বাচ্চাসহ ১টি গাভী ও ১টি বাছুরকে ভূষির সাথে বিষ (ক্যামিকেল) মিশিয়ে হত্যা করা হয়েছে।
পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তের দল, এমনটাই ধারণা গরু খামারি আমিন গাজীর।
ঘটনার দিন গরু খামারের মালিক আমিন গাজী ও তার স্ত্রী তার ছেলে এবং ছেলের বউকে বাড়িতে রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। হঠাৎ গরু খামার থেকে কেমিক্যালের গন্ধ পেয়ে ঘর থেকে আমিন গাজীর ছেলে বের হয়ে আসলে গরুগুলো চিৎকার করতে থাকে। তাৎক্ষনিক বাবা (আমিন গাজীকে) ফোন দিয়ে বলে গরু দু’টি মারা যাচ্ছে।
খবর পেয়ে আমিন গাজী এসে দেখে তার গরুগুলো ছটফট করছে। স্থানীয়রা তাদের কান্না ও চিৎকার শুনে এগিয়ে আসে বাড়িতে ভিড় জমায়। এসময় পল্লী চিকিৎসককে খবর দিলে প্রাথমিক চিকিৎসা দিলেও গরুগুলোর অবস্থা উন্নতি না দেখে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ হোসেন (মেম্বার) কে খবর দিলে তার সহযোগিতায় চাঁদপুর মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সদর উপজেলা পশু ডাক্তার এসে দেখে যায়।
ক্ষতিগ্রস্ত আমির গাজী কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন, আমার গরুগুলো যে মেরেছে আমি তার বিচার চাই।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহিদ হোসেন জানান, কে বা কারা রাতের আঁধারে গরুর সাথে এ নির্মমতা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ মৃত গরুগুলো থেকে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা-নীরিক্ষার পর গরুগুলোর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
১৫ ডিসেম্বর, ২০২৩।
