বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মৃত্যুর মিছিল যেন কমছেই না। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বালুবোঝাই হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা মনির হোসেনের করুণ মৃত্যু হয়। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁনখার দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা প্রাণ হারালো। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত মনিরুল ইসলাম মনির হোসেন কুমিল্লা চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়ন আবু রশিদের ছেলে।
৯ মাস আগে তার শাহারাস্তি উপজেলায় ব্র্যাক এনজিওতে চাকরি হওয়ার সুবাদে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার জন্য চাঁদপুর বিআরটি অফিসে আসেন। সেখান থেকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে ট্রাকটি এসে তাকে সজোরে ধাক্কা মারলে তার করুণ মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক ট্রাকটি ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গেছে তবে ট্রাকটি ছাড়ানোর জন্য দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে।
মৃত্যুর খবর শুনে ব্র্যাক এনজিও অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে এসে সহকর্মী হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন।

১৬ ফেব্রুয়ারি, ২০২৩।