বিজেপি নেতাদের শাস্তি দাবি করে ভারতীয় পণ্য বর্জনের ডাক

হাজীগঞ্জে মডেল ও ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রোববার (১২ জুন) এক প্রতিবাদ সমাবেশে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এ দাবি ও পণ্য বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ দিন দুপুরে সর্বস্তরের ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি পশ্চিম বাজারস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এরপর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে প্রতিবাদ সমাবেশ স্থলে এসে শেষ হয়। সমাবেশে বিজেপির দুই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। এর আগে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কাতার-কানাডা (কিউসি) টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীরা।

১৩ জুন, ২০২২।