শাহ আলম খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম, ইমরান মাহমুদ ডালিম প্রমুখ।
পুলিশ প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ।
চাঁদপুর জেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন সচিব মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, মহসীন পাঠান, ছানা উল্লাহ মিয়া, ইয়াকুব আলী মাস্টার প্রমুখ।
উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।
চাঁদপুর সরকারি কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ। এ সময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। এ সময় পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাজিক সংগঠন কিউআরসি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এ সময় সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
এদিকে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে-সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ৭৫ সালের এইদিনে একটি জঘণ্য হত্যাকাণ্ড হয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি, বাংলার শোষিত-বঞ্চিত মানুষের নেতা, যিনি বাংলার মানুষকে একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে এইদিনে স্বাধীনতা বিরোধী এবং আন্তর্জাতিক চক্র নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যা বাঙালি জাতির স্বপ্নকে হত্যা করা।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আজকের এই দিন বাঙালি জাতির একটি কলঙ্কের দিন। বাঙালি জাতি কোন সময় এই দিনকে ভুলবে না। যে লোকটি সারাটি জীবন বাঙালি-বাঙালি করে তাদের অধিকারের জন্য লড়াই করেছিলেন সেই লোকটিকে এবং তাঁর পরিবারকে আজকের এইদিনে নির্মমভাবে হত্যা করেছিল। যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিলো, তারা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই এদেশ বিলীন হয়ে যাবে, তবে তা ভুল প্রমাণিত হয়েছে। বাঙালি জাতি কখনও অকৃতজ্ঞ নয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী প্রমুখ।
১৫ আগস্ট, ২০২০।
