বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা

৩১ ডিসেম্বরের পর সরকার পতনের ঘোষণা আসতে পারে
…….শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ‘৭৫ সালের ৭ নভেম্বর বাংলার মেহনতি মানুষ জিয়াউর রহমানের পাশে ছিলেন। তা নাহলে সেদিন তাকে খুন করা হতো। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে। সেদিন আর বেশী দূরে নয়, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী আমাদের সহায়তা করবেন। আগামি ৩১ ডিসেম্বরের পর সরকার পতনের ঘোষণা আসতে পারে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। আর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

০৮ নভেম্বর, ২০২১।