
শওকত আলী
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামছুল হক পাটওয়ারীর জানাজার আগে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, তিনি একজন আদর্শবান সমাজসেবক ছিলেন। তিনি এক জন ভালমানের আদর্শবান সাদা মনের মানুষ ছিলেন। তার ভিতরে কোন অহংকার কাজ করতে দেখি নাই। তিনি সত্যিকারের একজন ভাল ব্যবসায়ী ও সংগঠক ছিলেন।
তিনি আরো বলেন, তিনি আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনারা সবাই তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তার এতিম সন্তানদের প্রতি সবাই সুদৃষ্টি দিতে সবার প্রতি অনুরোধ করেন তিনি। সবশেষ তিনি মরহুম সামছুল হক পাটওয়ারীর রুহের মাগফিরাত কামনা করে তার বেহেস্ত কামনা করে মহান আল্লাহ্ পাকের দরবারে দোয়া প্রার্থনা করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, তিনি একজন ভাল মানুষ ছিলেন বলে আমার বিশ্বাস। সমাজ ও পালবাজারের ব্যবসায়ীদের জন্য ভালো কাজ করেছেন। যার জন্য তার জানাজায় ব্যাপক মানুষের উপস্থিতি হয়েছে। তিনি খোদার কাছে দোয়া করেন, তাকে যেন বেহেস্তবাসী করেন।
চাঁদপুর শহরের সবার পরিচিত মুখ, শহরের ঐতিহ্যবাহী পালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বহু সামাজিক সংস্থার সাথে জড়িত থাকা ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ এর সহ-সভাপতি ও মেসার্স শামছুল ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী ও পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শামছুল হক পাটওয়ারী (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ মাগরিব শহরের কোড়ালিয়া বড় পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে তার জানাজা শেষে নিজ বাড়ির কাছে কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন উপমহাদেশের প্রথম ইসলাম ধর্ম প্রচারক বাহাদুরপুর পীর মরহুম দুদু মিয়ার নাতি মাও. হানজালা আহমাদ।
জানাজার আগে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. ওচমান পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিয়ষক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. সফিকুর রহমান ভুঁইয়া, বাসস্টেশন গোর-এ-গরিবা কমপ্লেক্স ও মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুর রশিদ, চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মরহুমের ছোট ভাই মো. হারুনুর রশিদ পাটওয়ারী ও ছেলে নঈনুদ্দিন পাটওয়ারী ফুটন।
মরহুম শামছুল হক পাটওয়ারী শহরের কোড়ালিয়া এলাকার পাটওয়ারী বাড়ীর বাসিন্দা মৃত ফতে আলী পাটওয়ারী বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের ছেলে অপু পাটওয়ারী চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মরহুমের কফিনে পালবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পালবাজারের প্রবীণ ব্যবসায়ী মো. হাসিম পাটওয়ারী, আবদুল হালিম পাটওয়ারী, মো. সফরউদ্দিন মাস্টার, মো. মিজান গাজী, মো. মিজানুর রহমান গাজী, মো. মনিরুল ইসলাম ছৈয়াল, মধু পোদ্দার, সনজিত পোদ্দার প্রমুখ। এছাড়া গোশত ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মো. আকবর গাজীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
