ফরিদগঞ্জ অমি পার্কে পুলিশের অভিযান

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে প্রেমিক-প্রেমিকার আড্ডা



আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে অমি (রাজা মিয়া) পার্কে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অশ্লীলতা আর নোংরামিতে অবিভাবক মহলে আতংকে রুপ নিয়েছে। ঠিক সেই সময়ে গতকাল রোববার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের অভিযান পরিচালিত হয়।
উপজেলার পৌর এলাকার সাবেক বেইলি ব্রিজের গোড়ায় অমি (রাজা মিয়া) পার্কে বিনোদনের নামে চলছে কিশোর-কিশোরীদের অশ্লীলতা আর নোংরামি। দীর্ঘদিন ধরে এ পার্কে এ ধরণের অশ্লীলতা আর নোংরামি চলে আসলেও কর্তৃপক্ষ ও প্রশাসন অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। যার কারণে তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা এই পার্কে গিয়ে অশ্লীলতা নোংরামি কাজ করছে। এতে করে যুব সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েরা ধ্বংসের পথে চলে যাচ্ছে।
অভিযানে তারা ঝোপ-জঙ্গল থেকে ১৫ জোড়া তরুণ-তরুণীকে আটক করে। এদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। এদের মধ্যে চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর পুরান বাজার কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীই বেশি), খাজুরিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়। পরে ওসি শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের হাতে সন্তানদের তুলে দেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রকিব বলেন, নতুন বছরে শিক্ষার্থীরা এ সময় নতুন বই নিয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয় এ সময় তারা এখানে অভিসারে আসছে।
এ সময় তিনি পার্কের স্টাফদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, এই পার্কে যদি ভবিষ্যতে কোনো রকম বেহায়াপনা দেখি, কাউকে ছাড় দেওয়া হবে না।