মো. সিন্টু
চাঁদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দ উৎসবের পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে মুজিববর্ষ উদযাপন ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা দেশের সম্পদ। যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে যাক এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। আজকের এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আগামির বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সবশেষে বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারী ৫০ জন প্রতিবন্ধী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
১০ মার্চ, ২০২১।
