
প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমশক্তি সৃষ্টি করতে হবে………………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
চাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশে দক্ষ জনশক্তি তৈরির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের একটা উল্লেখযোগ্য অবদান রয়েছে। সরকার দক্ষ ও কর্মঠ শ্রমশক্তি বিদেশে প্রেরণের মাধ্যমে নিজেদের ও দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করছে। অভিবাসন প্রত্যাশীদের যোগ্য ও বিশ্বমানের দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলার জন্যই বিনাখরচে তাদের প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবিক জ্ঞান হাতে-কলমে শিখাচ্ছে। বিদেশে আমাদের প্রবাসী ভাইদের সার্বিক খোঁজ-খবর নিতে আমাদের দূতাবাসগুলোও বেশ ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিদেশে আমাদের নতুন নতুন শ্রম বাজার সৃষ্টি হয়েছে। যেখানে আমাদের নারী-পুরুষ উভয়ই কাজ করতে পারছে। এখন বিদেশের শ্রমবাজার প্রতিযোগিতাপূর্ণ ও আনিক প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। তাই আমাদের উচিত যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমশক্তির সৃষ্টি করা। যাতে অভিবাসীরা তাদের মেধা, সততা, শ্রম দিয়ে নিজের অর্থনৈতিক উন্নতির সাথে দেশের কল্যাণেও কাজ করতে পারে। তাই আসুন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একযোগে কাজ করি, ডিজিটাল বাংলাদেশ গড়ি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. যাহিদ হোসেন বলেন, আমাদের মন্ত্রাণালয় সঠিক পদ্ধতিতে অভিবাসন প্রত্যাশীদের বিদেশে পাঠাতে কাজ করছে। যাতে কোন মানুষ বিদেশে যাওয়ার নামে বা বিদেশে গিয়ে প্রতারিত না হয়।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তরের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামানসহ আরো অনেকে।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।
