বিচারের দাবিতে লাশ নিয়ে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
ব্যবসায়ী হান্নান হত্যা মামলায় স্ত্রী আয়শা বেগমের বড় ভাই শাওন ও হিরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই রাশেদুদজামান বিষ্ণুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
গত ১৪ মার্চ রাতে নিহত হান্নানের বোন আমেনা বেগম অজ্ঞাত ৩/৪ জনের নামে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা (নং- ৪৪) দায়ের করেন। শাওন ও হিরা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রধানিয়া বাড়ির হানিফ মুহরীর ছেলে। তবে হানিফের স্ত্রী আয়শা বেগম পলাতক রয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হান্নান হত্যার বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে ব্যাংক কলোনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গিয়ে মিছিলটি শেষ করে পরিবার ও এলাকাবাসী। পরে তারা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। বাদ যোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হান্নানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালিবাড়ি মোড় পর্যন্ত আসলে ওসি মুহাম্মদ আব্দুর রশিদ দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নিহত হান্নানের বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা জানান, আমরা হান্নানকে কোথায়ো খুঁজে না পেয়ে ১ মার্চ চাঁদপুর সদর মডেল থানায় একটি ডায়রি করি। এর পরদিন হান্নানের স্ত্রী আয়শা বেগম স্বামীর বাড়িতে এসে শ্বশুর, শাশুড়ি ও ননদের সাথে খারাপ আচরণ করে জামা-কাপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। প্রকৃত দোষীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এছাড়া তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য, শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হান্নান মৃধা (৩৭) নামের ব্যবসায়ীর ১৩ দিন পর বেনাপোল থেকে মৃত অবস্থায় সন্ধান মিলে। হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি দোকান রয়েছে।
গত ১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্ত বস্থায় উদ্ধার করেছে। সোমবার রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়। এর আগে বেনাপোলে হান্নানের লাশ পাওয়ার খবর শুনে স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
১৬ মার্চ, ২০২২।
