
স্টাফ রিপোর্টার
ব্রেইভ-চাঁদপুর সরকারি কলেজ এডুকেশন অ্যাপস’র আপলোড পূর্ববর্তী প্রদর্শন ও পর্যালোচনা সভা গতকাল বুধবার চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্রেইভ’র প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায় প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাপস কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
‘আমার গ্রাম আমার শহর’ এ শ্লোগানটিকে সামনে রেখেই শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এবং অডিও ভিজ্যুয়াল মাধ্যমে ডিজিটাল শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার নিমিত্তে আইসিটি বিভাগের আর্থিক সহযোগিতায় ব্রেইভ’র অ্যাপসভিত্তিক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপস্থাপনায় জনাব রূপক রায় বলেন, শিক্ষাক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো শুধুমাত্র শহর কেন্দ্রিক ‘ভাল শিক্ষা’ ও সর্বস্তরের ছড়িয়ে পড়া কোচিং বাণিজ্য। ভাল স্কুল, ভাল শিক্ষক এ ধারণা গুলো কোমলমতি শিক্ষার্থীদের যেমনি অসুস্থ প্রতিযোগিতার মুখে ঠেলে দেয়, তেমনি এ চিরায়ত প্রক্রিয়া থেকে বের হয়ে আসার পথ ও সহজ নয়। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামকে শহরে পরিণত করতে হলে একই মাপকাঠির শিক্ষা ব্যবস্থা, একই সুযোগ সবার জন্য আনতে হবে। এসডিজি’র অভীষ্ট ৪ বাস্তবায়নে বি রিলেটেড টু অডিও ভিজুয়াল এডুকেশন ব্রেইভ এডুকেশন ডেভোলপমেন্ট অ্যাপস এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করছে।
এই অ্যাপসের মাধ্যমে কলেজের সব প্রকার তথ্য নির্ভুলভাবে পাওয়া যাবে। গ্রামে বসেও শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন তথ্য খুব দ্রুতই পেয়ে যাবেন। শিক্ষকদের ক্লাস কনটেন্ট, নোটিশ, ক্লাস, পরীক্ষা, অনলাইন আবেদন ও শিক্ষক-শিক্ষার্থীর ডাটা সহ কলেজ সম্পর্কিত সকল আপডেট তথ্য আপলোড করা থাকবে অ্যাপটিতে। এই সভার মাধ্যমে সব শিক্ষকের কাছ থেকে নির্ধারিত ফরমে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করে অ্যাপসে সংযোজন বিয়োজন করার উদ্যোগ গ্রহণ করে ব্রেইভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলোয়ার হোসেন পিএএ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন একটি অ্যাপস চাঁদপুর সরকারি কলেজের সম্মান কয়েকগুণ বাড়িয়ে দিবে। তিনি অ্যাপসের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ব্রেইভের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বক্তব্যে তিনি বলেন, ব্রেইভ শুধু চাঁদপুর সরকারি কলেজে থাকবে এমন নয়, ব্রেইভ’র কার্যক্রম পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে, এটাই আমার কামনা। তিনি ব্রেইভ’র এমন যুগোপযুগী কার্যক্রমকে স্বাগত জানান।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বেলাল হোসাইন, অর্থনীতি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো জসীম উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ এবং ব্রেইভ সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, এপস ডেভলোপার সাহিদ মাহমুদ, নাজমুল হোসেন বাপ্পি, রিফাত কান্তি সেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রতিনিধি চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতায় অ্যাপসটির দ্রুত প্লে-স্টোরে আপলোডের আশাবাদ ব্যক্ত করেন অ্যাপসটির ডেভলোপার আসাহিদ মাহমুদ। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।
