ভারতে মুসলমানের উপর নির্যাতন ঈমানী পরীক্ষা

কওমি সংগঠনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে বক্তারা



স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে দু’দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) সম্মেলন গতকাল শনিবার বিকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনে অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চাঁদপুর জেলা কওমি সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মহামায়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইদ্রিস, কওমি সংগঠন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও রেলওয়ে মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাও. মুফতি সিরাজুল ইসলাম, বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাও. হানজালা আহমাদ।
আলোচনায় বক্তারা বলেন, আখেরী জামানা হিসেবে আমাদের ঈমানী পরীক্ষা হচ্ছে। আমাদেরকে আল্লাহ ও তার রাসূল (সা.) এর প্রত্যেকটি আদেশ মানতে হবে। পর্দা করতে হবে। নারী-পুরুষ উভয়কেই চোখের হেফাজত করে চলতে হবে। জামায়াতে নামাজ আদায় করবেন। বেশি-বেশি করে জিকির করবেন। ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, এটি আমাদের জন্য ঈমানী পরীক্ষা।
চাঁদপুর জেলা কওমি সংগঠনের সভাপতি আল্লামা মুফতি আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলন পরিচালনায় ছিলেন চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের খতিব ও দারুল ইমাম বেগম মসজিদ মাদ্রাসার পরিচালক মাও. মুফতি মাহবুবুর রহমান।
বিকেলে সম্মেলন শুরু হয় শিশু-কিশোরদের হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে।
আজ রোববার বিকাল ৩টায় দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী দা. বা.।
অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস দা. বা., ঢাকা মিরপুরের আকব কমপ্লেক্সের মহা পরিচালক আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আল্লামা ড. মুশতাক আহমাদ, উজানীর পীর আল্লামা আশেকে এলাহী, শায়খুল হাদিস আল্লামা রুহুল আমিন খান উজানী, আঞ্জুমানে দাওয়াতে ইসলাম চট্টগ্রামের সেক্রেটারী মাওলানা আনাস মাদানী।